ডেপুটি গভর্নর নিয়োগের খবরটি ভিত্তিহীন: বাংলাদেশ ব্যাংক

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে বেসরকারি ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে মর্মে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার এক জরুরি বার্তায় সংবাদটিকে পুরোপুরি ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
মুখপাত্র জানান, এ ধরনের ভিত্তিহীন সংবাদ সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং দেশের আর্থিক খাতের সামগ্রিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলার ঝুঁকি তৈরি করে। কেন্দ্রীয় ব্যাংকের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের উচ্চপদস্থ নিয়োগ নিয়ে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রচার করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এমন যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

















