ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিলো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের সামরিক বাহিনী এক সতর্কবার্তায় জানিয়েছে, ট্রাম্প যদি দেশটির অবকাঠামোতে হামলার হুমকি কার্যকর করেন, তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে প্রস্তুত।
ইরানের এই সরাসরি সামরিক হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
সিএনএন-এর বরাত দিয়ে একটি ইরানি সূত্র জানিয়েছে, তেহরান কেবল সামরিক প্রতিরোধ নয়, বরং এই গুরুত্বপূর্ণ জলপথটির ওপর তাদের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে বড় ধরনের কৌশলগত ও আর্থিক সুবিধা আদায়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
বিশ্ব তেলের বাজারের জন্য অপরিহার্য এই রুটটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে, ট্রাম্পের কঠোর অবস্থানের বিপরীতে ইরানের এই পাল্টা সামরিক ও অর্থনৈতিক কৌশল বর্তমানে আন্তর্জাতিক ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

















