টি-টোয়েন্টি ইতিহাসে পঞ্চম স্থানে কাটার মাস্টার, তিন হাজারের বেশি ডট বল

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের চাপে রাখার সবচেয়ে কার্যকর কৌশল হলো ডট বল, আর এই শিল্পে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি পেসার সর্বশেষ ম্যাচে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন।
কুড়ি ওভারের ক্রিকেটে তার করা ডট বলের সংখ্যা এখন ৩০০০ ছাড়িয়েছে। সবশেষ ম্যাচের পর ক্যারিয়ারে তার মোট ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০২-এ, যার সুবাদে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ডট বল করা বোলারদের তালিকায় তিনি এখন পঞ্চম স্থানে অবস্থান করছেন।
রেকর্ডের এই তালিকায় মোস্তাফিজের উপরে থাকা চারজন বোলার হলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৩৬৮১ ডট বল), পাকিস্তানের মোহাম্মদ আমির (৩৩৪৮ ডট বল), ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল (৩২১৩ ডট বল) এবং পাকিস্তানের সোহেল তানভীর (৩০৪৬ ডট বল)। তবে বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, তালিকায় মোস্তাফিজের উপরে থাকা চারজন বোলারই ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন অথবা ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন।
বিপরীতে মোস্তাফিজ এখনো তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন।
ফিজের এই বর্তমান গতি ও ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে তিনি তালিকায় শীর্ষস্থান দখল করবেন, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।

















