টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে ভাই!

ভারতের ওডিশায় ব্যাংক থেকে টাকা তুলতে নিজের মৃত বোনের কঙ্কাল নিয়ে হাজির হয়েছেন এক ব্যক্তি। বোনের ব্যাংক হিসাবে থাকা ২০ হাজার রুপি উত্তোলনের জন্য কোনো উপায় না পেয়ে কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে ব্যাংকে যাওয়ার এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জিতু মুন্ডা (৫০) নামের ওই ব্যক্তি ওডিশার দিয়ানালি গ্রামের বাসিন্দা। তার বড় বোন কালরা মুন্ডা (৫৬) চলতি বছরের ২৬ জানুয়ারি মারা যান। জিতুর দাবি, বোনের চিকিৎসার খরচ ও অন্যান্য প্রয়োজনে তার অ্যাকাউন্টে থাকা ২০ হাজার রুপি উত্তোলনের জন্য তিনি বারবার ব্যাংকে গিয়েছেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দেয়, টাকা তুলতে হলে অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত করতে হবে।
জিতু মুন্ডা বলেন, “আমি তাদের বারবার বলেছি যে আমার বোন মারা গেছে। কিন্তু তারা কোনো কথা শুনতে রাজি ছিল না। তারা অ্যাকাউন্টধারীকে নিয়ে আসতে জোর দিচ্ছিল। বাধ্য হয়ে আমি কবর খুঁড়ে বোনের কঙ্কাল নিয়ে আসি যেন তারা প্রমাণ পায় যে সে আর বেঁচে নেই।”
ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হলে এক দিন পর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা কখনোই মৃত ব্যক্তির শারীরিক উপস্থিতি চায়নি এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সঠিক নয়। পুরো বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও তারা জানায়।
খবর পেয়ে পাতনা থানার ওসি কিরণ প্রসাদ সাহু ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, জিতু একজন অশিক্ষিত আদিবাসী মানুষ। উত্তরাধিকার (লিগ্যাল হেয়ার) বা নমিনি সংক্রান্ত জটিল আইনি প্রক্রিয়া সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। অন্যদিকে, ব্যাংক কর্তৃপক্ষও তাকে সহজভাবে পুরো বিষয়টি বুঝিয়ে বলতে ব্যর্থ হয়েছে, যার ফলে এই চরম ও অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে এবং ব্যাংক কর্তৃপক্ষকে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের কাছে দ্রুত অর্থ হস্তান্তরের প্রক্রিয়া সহজ করার পরামর্শ দিয়েছে।

















