‘জ্যাজ সিটি’ দিয়ে বিশ্বমঞ্চে আরিফিন শুভ’র চমক

দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান জানান দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তার অভিনীত প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ গত ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ মুক্তির পর থেকেই ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রশংসায় ভাসছেন তিনি।
১০ পর্বের প্রায় ৮ ঘণ্টার এই সিরিজে শুভর পারফরম্যান্সকে পর্যালোচকরা ‘স্ট্যান্ডআউট লিড’ এবং ‘সবচেয়ে শক্তিশালী চরিত্র’ হিসেবে অভিহিত করেছেন। মুক্তির পর থেকেই সিরিজটি দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে ওটিটি প্ল্যাটফর্মের ট্রেন্ডিং তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে।
মার্কিন বিনোদন ম্যাগাজিন হলিউড রিপোর্টার তাদের ইন্ডিয়ান সংস্করণে লিখেছে, এই সিরিজের সবচেয়ে কার্যকর দিক হলো বাংলাদেশি তারকা আরিফিন শুভর প্রধান চরিত্রে অভিনয়। তাদের মতে, শুভর দুর্দান্ত পারফরম্যান্সই দর্শককে পুরো সময় পর্দায় ধরে রাখার অন্যতম প্রধান কারণ। এছাড়া টাইমস অব ইন্ডিয়া, মানিকন্ট্রোল এবং নিউজবাইটস-এর মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো সিরিজটিকে ‘দৃঢ় অভিনয়ে নির্মিত’ বলে উল্লেখ করেছে। সমালোচকদের মতে, নির্মাণের কিছু সীমাবদ্ধতা থাকলেও কেবল শুভর পরিশীলিত অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে সিরিজটি আলাদা মাত্রা পেয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্ম স্ক্রল এবং বলিউডভিত্তিক লেটেস্টলি শুভর অভিনয়কে ‘স্মার্ট চয়েস’ ও ‘স্ট্যান্ডআউট পারফরম্যান্স’ হিসেবে আখ্যা দিয়েছে। বিশেষ করে ‘জিমি’ চরিত্রের ভেতরের পরিবর্তন ও মানসিক স্তরগুলো তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে ফুটিয়ে তুলেছেন। এছাড়া হিন্দি সংবাদপত্র আমার উজালা এবং কলকাতার টিভি৯ বাংলা মন্তব্য করেছে যে, আত্মবিশ্বাসী অভিনয় এবং চরিত্রের অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তোলার মাধ্যমে শুভ আন্তর্জাতিক দর্শকদের মাঝে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই প্রশংসা কেবল শুভর একার নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি অভিনেতাদের গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করল।
সিরিজটির অন্যতম বিশেষত্ব হলো এতে আরিফিন শুভকে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—এই চারটি ভাষায় সংলাপ বলতে দেখা গেছে। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এই সিরিজের মাধ্যমেই সনি লিভ প্রথমবারের মতো বাংলা ভাষায় কোনো সিরিজ প্রকাশ করেছে।
‘জুবিলি’ খ্যাত নির্মাতা সৌমিক সেনের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিরিজে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, শতফ ফিগার এবং অ্যালেক্সান্দ্রা টেলর। সব মিলিয়ে ‘জ্যাজ সিটি’র মাধ্যমে আরিফিন শুভ এখন বিশ্ব বিনোদন অঙ্গনের এক পরিচিত মুখ।

















