জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় কৃচ্ছ্র সাধনের লক্ষ্যে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো প্রকার আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আমরা কৃচ্ছ্র সাধনের ওপর জোর দিচ্ছি। এর অংশ হিসেবে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না। তবে যথাযথ মর্যাদার সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে।”
বৈঠকে আসন্ন ঈদুল ফিতর নিয়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতার বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, ঈদের ছুটির আগেই কর্মীদের বেতন ও বোনাস পরিশোধ করতে বিজিএমইএ নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় ব্যাংকিং সেক্টরসহ সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ‘মব জাস্টিস’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, “মব এবং ক্রাইম দুটি আলাদা বিষয়। সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।” তিনি আরও জানান, অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে এবং কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।
জ্বালানি সাশ্রয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়।

















