জ্বালানি সংকটের শঙ্কা নেই, বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই বলে জাতীয় সংসদকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের তৎপরতার কথা উল্লেখ করে শামা ওবায়েদ জানান, জ্বালানি যেন একাধিক উৎস থেকে সংগ্রহ করা যায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য সম্ভাব্য উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার আশাবাদী এবং এ লক্ষ্যে কাজ চলছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের মিশনগুলো প্রবাসীদের সহায়তা ও নিরাপত্তা প্রদানে ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

















