জ্বালানি বিভাগের অভিযানে পৌনে ৪ লাখ লিটার তেল জব্দ

সারা দেশে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ও কৃত্রিম সংকট রোধে বড় ধরনের সাফল্য পেয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মাসব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে মজুতকৃত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
সরকারের কঠোর নির্দেশনায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে অবৈধ মজুতদারদের বড় একটি চক্রের অপতৎপরতা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত জ্বালানির সিংহভাগই হচ্ছে ডিজেল। অভিযানে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে মজুত রাখা ৭০ হাজার ৫৪ লিটার পেট্রোল এবং ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন উদ্ধার করে জনস্বার্থে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
মূলত তেলের বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে যারা গোপনে এসব জ্বালানি মজুত করেছিল, তাদের বিরুদ্ধেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জ্বালানি বিভাগ সংশ্লিষ্টরা জানান, অবৈধ মজুতদারি, পাচার এবং সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে জনভোগান্তি তৈরির যেকোনো অপচেষ্টা রুখতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও জরিমানা নিশ্চিত করা হচ্ছে।
বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিভাগটি।

















