জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘আতঙ্ক ছড়িয়ে পড়লে তা একে অপরকে প্রভাবিত করে এবং পরিস্থিতি অযথা জটিল করে তোলে। অথচ বাস্তবে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার কারণে আতঙ্কিত হতে হবে।’
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে সিলেট নগরের তোপখানায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আপনি পাম্পে গেলে তেল পাচ্ছেন, সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন—তাহলে সমস্যা কোথায়? এখন পর্যন্ত জ্বালানির কারণে দেশের কোনো কার্যক্রম ব্যাহত হয়নি।’ সরকার অত্যন্ত দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, অতীতেও বড় বড় সংকট সরকার দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে এবং জনগণের সহযোগিতায় এবারও সব স্বাভাবিক থাকবে।
আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সৌদির আরামকোর সিপি প্রাইসের সঙ্গে প্রিমিয়াম যোগ করে দেশে এলপিজির দাম নির্ধারিত হয়। বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৫৫-৬০ ডলার থেকে বেড়ে ১১৬ ডলারে পৌঁছেছে, যার ফলে আমদানিকৃত গ্যাসের দাম বেড়েছে। তবে জনগণের স্বার্থ রক্ষায় সরকার দাম যতটা সম্ভব সহনীয় রাখার চেষ্টা করছে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়।
সবশেষে খন্দকার আব্দুল মুক্তাদির সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি আমরা সচেতনভাবে জ্বালানি ব্যবহার করি, তবে আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমবে। তাই আতঙ্কিত না হয়ে আমাদের স্বাভাবিকতা বজায় রাখতে হবে এবং সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

















