জুনে অজিদের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, থাকবে টি-টোয়েন্টিও

আসছে জুনে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরের শুরুতে যে সূচি দিয়েছিল, তাতে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে।
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অজিরা। সর্বশেষ ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে সফরে এসে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিল। তখন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। তার আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের দলও হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল।
এবারের সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি থাকবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও। বিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল ৫ জুন। সংশোধিত সূচিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।
অন্যদিকে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
সর্বশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার ৪-১ ব্যবধানে সিরিজ জিতে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় এটি বাংলাদেশের প্রথম টেস্ট সফর।

















