জামায়াতের এমপি আসায় অনুষ্ঠান বয়কট করলেন বীর মুক্তিযোদ্ধারা

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন বীর মুক্তিযোদ্ধারা। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা অনুষ্ঠানে উপস্থিত থাকায় ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেন তারা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পূর্বধলার জগত মনি উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৫ আসনের জামায়াত দলীয় এমপি মাসুম মোস্তফা ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকায় পূর্বধলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেননি।
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মো. রাজিবুল ইসলাম রাজীব জানান, তারা প্রশাসনকে আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম যে, জামায়াতের এমপি থাকলে আমরা কেউ অনুষ্ঠানে যাব না। তিনি চলে যাওয়ার পর আমরা অংশগ্রহণ করি।’
পূর্বধলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের কমান্ডারের নির্দেশ ছিল অনুষ্ঠান বয়কট করার। জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি—তাই তাদের উপস্থিতিতে আমরা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতে পারি না।’ একইভাবে বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান জানান, এমপির উপস্থিতির খবর পেয়ে তারা মাঠে যাননি। পরে তিনি চলে গেলে প্রশাসনের বিশেষ অনুরোধে তারা পরবর্তী সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন।
জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান বলেন, ‘সব মুক্তিযোদ্ধা নন, বরং কয়েকজন সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কুচকাওয়াজ শেষে তারা সবাই যোগ দেন। মূলত মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত প্রধান অংশে এমপি উপস্থিত ছিলেন না।’
এ বিষয়ে সংসদ সদস্য মাসুম মোস্তফা বলেন, ‘স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির একটি অংশ আমার অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। আমি প্রশাসনকে আগেই বলেছিলাম সব কর্মসূচিতে থাকব। তবে একটি গ্রুপ বয়কট করায় উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আমি তাদের মূল অনুষ্ঠানে উপস্থিত হইনি।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে মুক্তিযোদ্ধাদের এই অবস্থানকে তাদের নৈতিক আদর্শের জয় হিসেবে দেখছেন।

















