ছুটি শেষে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে বাংলাদেশ সচিবালয়। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অফিসের শুরু থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরে সচিবালয়সহ সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন।
প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচি অনুযায়ী, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।
বেলা ১১টায় রাজধানীর দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা এবং বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে তার বৈঠক করার কথা রয়েছে।
উল্লেখ্য, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটির পর আজ থেকে পূর্ণ উদ্যমে চালু হয়েছে। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ের করিডোরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের সরব উপস্থিতি ও ঈদের আমেজ লক্ষ্য করা গেছে।

















