ছাত্রদলের ভেতরে ‘গুপ্ত ছাত্রলীগ’ ঢুকে অস্থিরতা সৃষ্টি করছে: ব্যারিস্টার ফুয়াদ

ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের লোকজন প্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ লেখেন, ‘প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব অন্ধত্বের ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।’ তিনি আরও উল্লেখ করেন, এগুলো পরিকল্পিত এবং জনগণের দৃষ্টি আড়াল করতে বড় কোনো ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (False Flag Operation)-এর প্রস্তুতি চলছে।
শাহবাগে উত্তেজনা ও সাংবাদিকদের ওপর হামলা উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)-এর সদস্য।
হামলার শিকার ডাকসু নেতা জানা গেছে, এআই (AI) দিয়ে তৈরি একটি বিতর্কিত ছবি পোস্টের জেরে শাহবাগ থানায় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে থানার সামনেই হামলার শিকার হন ডাকসুর দুই সাবেক নেতা যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) ও মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাল্টাপাল্টি অভিযোগ ডাকসুর সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা চালিয়েছে। তবে ঢাবি ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিক্ষুব্ধ জনতা তাদের মারধরের চেষ্টা করলে ছাত্রদলের নেতারাই ‘ঢাল’ হয়ে দাঁড়িয়ে তাদের রক্ষা করেছেন।
বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আজ শুক্রবার জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

















