চাল কম দেওয়ায় চেয়ারম্যানকে অবরুদ্ধ করলো এলাকাবাসী!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদে চাল কম দেওয়া এবং কার্ড থাকা সত্ত্বেও চাল না পাওয়ার অভিযোগে স্থানীয় জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান আবদুল লতিফকে প্রায় ৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল পর্যন্ত চলা এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নের ৫ হাজার ২৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। কিন্তু অভিযোগ ওঠে, বিতরণের সময় প্রত্যেককে ২ কেজি করে চাল কম দেওয়া হয়েছে।
এছাড়া প্রায় ২০০ জন কার্ডধারী দুস্থ ও অসহায় মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও চাল পাননি বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের দাবি, চেয়ারম্যান চাল চুরি করে বাইরে বিক্রি করে দিয়েছেন। এই ক্ষোভ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলাকাবাসী চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।
চাল চুরির অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, “আমি কোনো চাল চুরি করিনি। বিতরণে কিছুটা অনিয়ম বা অব্যবস্থাপনা হওয়ার কারণে চালের সংকট দেখা দিয়েছে।”
এদিকে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম জানান, আবদুল লতিফ জামায়াত সমর্থিত হয়ে নির্বাচিত হলেও বর্তমানে দলে তার কোনো সাংগঠনিক পদ নেই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ জানান, পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

















