চট্টগ্রামের শতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন

বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করে হানাফি মাজহাবের বিধান অনুযায়ী সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। প্রায় দুইশত বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই দরবারের অনুসারীরা ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত সকল ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন।
আজ সকালে মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। দরবারের বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান এই জামাতে ইমামতি করেন। পূর্ববর্তী পীর ও বুজুর্গদের ঐতিহ্য এবং পদাঙ্ক অনুসরণ করেই প্রতি বছরের ন্যায় এবারও এই উৎসবের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, হাটহাজারী ও সীতাকুণ্ডের শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ আজ পবিত্র ঈদ উদযাপন করছেন। এছাড়া পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন গ্রামসহ ঢাকা, কুমিল্লা, ফেনী, সিলেট ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ছড়িয়ে থাকা এই দরবারের অনুসারীরাও আজ উৎসবের আমেজে ঈদের নামাজ আদায় করেছেন।
মির্জাখীল দরবার শরীফের প্রতিনিধি মোহাম্মদ মছউদুর রহমান জানান, তারা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার তথ্যের ভিত্তিতে এই ঈদ উদযাপন করছেন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

















