গুম ও শহীদ পরিবারে তারেক রহমানের ‘ঈদ উপহার’ বিতরণ শুরু

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবার এবং চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। মঙ্গলবার (১৮ মার্চ) থেকে দেশের প্রতিটি জেলায় এসব নির্যাতিত ও ত্যাগী পরিবারের কাছে এই উপহারের অর্থ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার পরিবারগুলোর পাশাপাশি ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের মাঝেও এই ঈদ উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ২০১৬ সাল থেকেই নিয়মিতভাবে রমজান ও ঈদ উপলক্ষে এই মানবিক সহায়তা দিয়ে আসছেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই কার্যক্রমের বিষয়ে নিশ্চিত করে জানান, তারেক রহমান প্রতি বছরই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়ান। বিশেষ করে গত বছরের মতো এবারও জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোকে এই তালিকায় গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে।
উপহার বিতরণের প্রক্রিয়া সম্পর্কে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহের কাজ শুরু হয়েছিল। তবে ঈদের সময় ঘনিয়ে আসায় এবং পর্যাপ্ত সময় না থাকায় বিকল্প দ্রুত ব্যবস্থায় কাজ চলছে। বর্তমানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর বিশেষ টিমের মাধ্যমে প্রতিটি জেলায় দ্রুততম সময়ে ঈদ উপহারের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।

















