গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফের চাল না পেয়ে এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় মহদীপুর ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার দ্রুত অপসারণ দাবি করেন। বক্তাদের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির আশ্রয় নিয়ে অন্তত ১৫ জন কার্ডধারীকে তাদের প্রাপ্য সরকারি চাল থেকে বঞ্চিত করেছেন। এছাড়া এদিন দুপুর ১২টার দিকে কার্ডধারীরা চাল নিতে গেলে চেয়ারম্যানের হাতে বেশ কয়েকজন লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবু মিয়া এবং ভুক্তভোগী শাহিনুর খাতুন ও পারভিন খাতুন। তারা বলেন, সরকারি সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত করা এবং তাদের সাথে দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণ দাবি করেন তারা।
সড়ক অবরোধের ফলে ওই রুটে সকল প্রকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যাতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে দুপুর দুইটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এই কর্মসূচিতে কার্ডধারী ছাড়াও এলাকার সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

















