গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, ৯টি জবাই করা ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করা একটি অসাধু চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৭ মার্চ) সকালে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পূর্বাচলের নির্জন এলাকায় ঘোড়া জবাই করে আসছিল। পরে সেই মাংস ‘গরুর মাংস’ হিসেবে কম দামে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় সরবরাহ করত। শুক্রবার সকালে অন্তত ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে ওই প্লটে আনা হয়। অসাধু চক্রটি ইতোমধ্যে ৯টি ঘোড়া জবাই করে ফেললে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানানো হলে দ্রুত অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জবাই করা ৯টি ঘোড়া এবং জবাইয়ের অপেক্ষায় থাকা ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। জীবিত ঘোড়াগুলোকে বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, এই মাংস গরুর মাংস বলে বাজারে বিক্রি করা হচ্ছিল। সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

















