গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ সাংবিধানিক সংকটে পড়বে: শিশির মনির

জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে এক জাতীয় সেমিনারে কিনোট পেপার উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।
‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
সেমিনারে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে শিশির মনির বলেন, “জগতে কোথাও কি শুনেছেন গণঅভ্যুত্থান সংবিধান মেনে হয়? সংবিধান মেনে তো অভ্যুত্থান হয় না, এটি হয় সংবিধানের বাইরে থেকে। এখন এই রাজনৈতিক বিষয়টিকে আদালতের ‘সাবজেক্ট ম্যাটারে’ পরিণত করা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১৯ এপ্রিল আদালত খোলার পর সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্নটি গুরুত্বের সাথে উত্থাপিত হবে। এ সময় তিনি আদালতের মেরুদণ্ড সোজা করে সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান।
সংবিধান সংস্কারের আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, গণভোটের রেজাল্ট মেনে নিয়ে ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকতে হবে। এরপর উচ্চকক্ষ ও নিম্নকক্ষ—এই দুই ভাগে পার্লামেন্ট বিভক্ত হওয়ার কথা। ১০০ সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে, যেখানে দলগুলো ভোটের সংখ্যানুপাতে আসন পাবে।
তিনি সতর্ক করে বলেন, এই কর্মকাণ্ডগুলো প্রদর্শিত না হলে তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরেন।

















