খরচ কমাতে এক হাজার কর্মী ছাঁটাই করবে ওয়াল্ট ডিজনি

খরচ কমাতে এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিনোদন দুনিয়ার জায়ান্ট ওয়াল্ট ডিজনি। মার্কেটিং বিভাগকে নতুন করে সাজাতে এমন পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের বিশাল কর্মী বহরের তুলনায় এ ছাঁটাইয়ের সংখ্যা কম হলেও কোম্পানির অভ্যন্তরীণ পুনর্গঠনে তা বড় ভূমিকা রাখবে।
বুধবার জার্নাল লিখেছে, আগামী সপ্তাহ থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ওয়াল্ট ডিজনি। এ ছাঁটাইয়ের বড় একটি অংশ ঘটবে কোম্পানির মার্কেটিং বিভাগে।
রয়টার্স বলছে, কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাটি জশ ডি’আমারো গেল মার্চে ডিজনির সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই শুরু হয়েছিল।
পরিকল্পিত এই ছাঁটাই কোম্পানির মোট কর্মীর ১ শতাংশেরও কম হতে পারে। ২০২৫ অর্থবছর শেষে ডিজনির মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।
‘প্রজেক্ট ইমাজিন’ কোড-নামের অধীনে কোম্পানির মার্কেটিং বিভাগগুলোকে একীভূত করা ও খরচ কমানোর পরিকল্পনা করছেন ডিজনির নতুন প্রধান বিপণন কর্মকর্তা আসাদ আয়াজ।
জানুয়ারি থেকে পুরো কোম্পানির জন্য তৈরি এক নতুন মার্কেটিং সংস্থার দেখাশোনা শুরু করছেন তিনি।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ডিজনি।

















