ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা তারিকুজ্জামান তপন

দেশের ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে শুক্রবার (২৪ এপ্রিল) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অভিনয়শিল্পী সংঘ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে রাত সাড়ে ৮টার দিকে এই গুণী অভিনেতার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে। তার প্রয়াণে অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে।
গেল সপ্তাহেই অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, গত ডিসেম্বর মাসে তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের মতে, রোগটি ধরা পড়ার সময়ই তা চতুর্থ পর্যায়ে (ফোরথ স্টেজ) পৌঁছে গিয়েছিল। তাকে ইতোমধ্যে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছিল। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন এই অভিনেতা।
টিলিভিশন নাটক ও চলচ্চিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে কমেডি চরিত্রে তার অভিনয় ছিল দারুণ প্রশংসিত।
উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। জনপ্রিয় নাটক ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।
অসংখ্য নাটক ও সিনেমায় ছোট-বড় চরিত্রে অভিনয় করে তিনি দীর্ঘ কয়েক দশক দর্শকদের বিনোদিত করেছেন। তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।

















