কোলে চড়ে থাকা ইয়ামাল এবার লড়বেন মেসির সাথে

কল্পনা করুন এই গ্রহের দুই সেরা ফুটবলারকে একসাথে দেখবেন, একই মাঠে। সেটিও একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে। লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল এবার মুখোমুখি হচ্ছেন ‘ফিনালিসিমা’র নতুন ভেন্যু রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই মহারণে ইউরোপ সেরা স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বার্সেলোনার ইতিহাসের সেরা কিংবদন্তি এবং বর্তমানের সবচেয়ে বড় বিস্ময় বালকের এই লড়াই ফুটবল বিশ্ব যে উপভোগ করবে তা বলাই বাহুল্য।
ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার লড়াই নিয়ে উন্মাদনা শুরু হয়েছিল শিরোপা জয়ের পরপরই। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরা হয়েছিল স্পেন, আর কলম্বিয়াকে হারিয়ে কোপার মুকুট ধরে রাখে আর্জেন্টিনা। এরপর থেকেই ফুটবল প্রেমীদের অপেক্ষা কিংবদন্তি মেসির সাথে ইয়ামালের সেই ফুটবল যুদ্ধ দেখার।
হাই-ভোল্টেজ ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করে আয়োজকরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপ জানিয়েছে, লজিস্টিক জটিলতা এবং সেই সপ্তাহে ইউরোপের অন্যান্য স্টেডিয়ামগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুকেই সবচেয়ে উপযুক্ত ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
যদিও স্পেনের মাটিতে খেলা আয়োজন নিয়ে আর্জেন্টিনার মনে কিছুটা দ্বিধা ছিল, কারণ এতে স্পেন ঘরের মাঠের বাড়তি সুবিধা পাবে।
তবে সব প্রতিকূলতা কাটিয়ে সান্তিয়াগো বার্নাব্যু এখন প্রস্তুত এই ঐতিহাসিক রাতকে বরণ করে নিতে। সব ঠিক থাকলে ফুটবল বিশ্ব সাক্ষী হতে চলেছে মহাকাব্যিক মহারণের।

















