কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে দরবার শরিফে হামলা, নিহত এক

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কুরআন অবমাননা ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে একটি দরবার শরিফে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামীম নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী দাবি করে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরে একটি দরবার শরিফ পরিচালনা করতেন। সম্প্রতি পবিত্র কুরআন নিয়ে তার করা কিছু আপত্তিকর মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘ ৫-৬ বছর ধরে তার নানা ‘আজব’ ও বিতর্কিত কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে।
শনিবার বেলা ১টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ মানুষ ওই দরবার শরিফ ঘেরাও করে। একপর্যায়ে তারা ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং একাধিক কক্ষে আগুন ধরিয়ে দেয়। এসময় ভেতরে থাকা শামীম ও তার দুই অনুসারীকে ধরে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বেলা ৩টার দিকে আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩টা ২০ মিনিটে শামীমের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, শামীমের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

















