কিডনি স্পেশালিস্ট ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজির চেষ্টা

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির অপচেষ্টা ও ‘মব’ তৈরির অভিযোগ উঠেছে। হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলামের ওপর চাপ সৃষ্টি এবং আতঙ্ক ছড়ানোর প্রতিবাদে শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলন আয়োজন করে কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে ডা. কামরুল ইসলাম জানান, মঈন উদ্দিন নামে জনৈক যুবদল নেতা ৫ আগস্টের পর থেকেই হাসপাতালে বিভিন্ন মালামাল সরবরাহের জন্য চাপ দিচ্ছিলেন।
তিনি কোনো প্রকার চুক্তি ছাড়াই জোরপূর্বক চাল ও ডিম সরবরাহ শুরু করেন এবং বাজারদরের চেয়ে প্রতি কেজিতে অন্তত ১০ টাকা বেশি দাম দাবি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই অনিয়ম মেনে নিতে অস্বীকার করে সরাসরি বাজার থেকে পণ্য কেনার সিদ্ধান্ত নিলে মঈন উদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৯ মার্চ হাসপাতালে এসে কর্মচারীদের হুমকি দেন মঈন। এ ঘটনায় ৩০ মার্চ শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল শুক্রবার সকালে তিনি দলবল নিয়ে হাসপাতালে এসে কুরুচিপূর্ণ স্লোগান দেন এবং একটি ‘মব’ বা গণপিটুনির মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করেন, যা রোগী ও চিকিৎসকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।
সংবাদ সম্মেলনে ডা. কামরুল বলেন, “আমরা স্থানীয় রাজনৈতিক নেতাদের জানিয়েছি। এই উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।”
উল্লেখ্য, সিকেডি হাসপাতাল গত ১৭ বছরে দুই হাজারের বেশি সফল কিডনি প্রতিস্থাপন করেছে। অত্যন্ত স্বল্পমূল্যে চিকিৎসাসেবা এবং রোগী-স্টাফদের জন্য প্রতিদিন বিনামূল্যে তিন বেলা খাবারের ব্যবস্থা থাকা এই সেবামূলক প্রতিষ্ঠানে এমন চাঁদাবাজির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কর্তৃপক্ষ একটি নিরাপদ ও চাঁদাবাজমুক্ত কর্মপরিবেশ নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

















