কাল যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার (৯ মে) যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে কার্ডিয়াক বাইপাস সার্জারির ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
সফরে রাষ্ট্রপতির সহধর্মীনি ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী হবেন।
২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। এবারের সফরে সেই অস্ত্রোপচারের পরবর্তী শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন চিকিৎসকেরা। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র: বাসস।

















