কাল পবিত্র ঈদুল ফিতর

এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হবে। গত বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান ৩০ দিন পূর্ণ হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধি শেষে আনন্দের বার্তা নিয়ে আসা এই ঈদকে ঘিরে দেশজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
রাজধানীসহ সারাদেশে ঈদের প্রধান প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদগাহে বিশেষ প্যান্ডেল ও ওয়াটারপ্রুফ ব্যবস্থার পাশাপাশি ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে, যেখানে নারীদের জন্য রয়েছে পৃথক প্রবেশপথ ও ওজুখানা।
এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও দেশের বৃহত্তম ঈদ জামাতের সকল প্রস্তুতি শেষ হয়েছে।
ঈদের নিরাপত্তায় রাজধানীজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে।
ডিএমপি কমিশনার জানিয়েছেন, কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। এদিকে ঈদ উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে উন্নত মানের খাবার পরিবেশনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

















