কাউকে প্রয়োজন নেই, আমরাই বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ: ট্রাম্প

ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাতের জেরে বর্তমানে উত্তপ্ত পশ্চিম এশিয়া। আন্তর্জাতিক বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে ইরানের ‘অবরোধ’ সরাতে এবার চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে তিনি সাফ জানিয়েছেন, এই অবরোধ ভাঙতে আমেরিকার অন্য কোনো দেশের সাহায্যের প্রয়োজন নেই।
হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াতকারী জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্যের ওপর বিশ্বের অনেক দেশই নির্ভরশীল। এই জলপথ সচল রাখতে চীন, ফ্রান্স, ব্রিটেন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। তবে কোনো দেশই সেভাবে ইতিবাচক সাড়া দেয়নি। এমনকি সামরিক জোট ‘নেটো’ (NATO)-কেও কড়া বার্তা দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্পের মতে, বন্ধু রাষ্ট্রগুলো এগিয়ে না এলে জোটের ভবিষ্যৎ সংকটে পড়তে পারে।
সহযোগিতা না পাওয়ায় ট্রাম্পের কণ্ঠে ধরা পড়েছে দৃঢ়তা। তিনি বলেন, “আমাদের কাউকে প্রয়োজন নেই। আমরাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আমাদের সামরিক বাহিনী নিঃসন্দেহে বিশ্বের এক নম্বর। আমি কাউকে জোর দিয়ে অনুরোধ করিনি, কারণ আমাদের একাই লড়ার ক্ষমতা আছে।”
প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, তাঁর মূল উদ্দেশ্য সাহায্য চাওয়া ছিল না; বরং সংকটের সময়ে ‘বন্ধু’ দেশগুলো কতটা সচ্ছা দেখায়, তা পরখ করাই ছিল তাঁর আসল লক্ষ্য।
হরমুজ প্রণালী ভারতের বাণিজ্যিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নয়াদিল্লি এই ইস্যুতে সাবধানী পদক্ষেপ নিচ্ছে। সোমবার ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই মুহূর্তে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না। বর্তমানে পশ্চিম এশিয়ার এই অস্থির পরিস্থিতি এবং ট্রাম্পের এই ‘একলা চলো’ নীতি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আমেরিকার পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন তাকিয়ে বিশ্বমহল।

















