ওটিটিতে ফিরছে ‘কাভি আলভিদা না কহেনা’

বলিউডের কালজয়ী সিনেমা ‘কাভি আলভিদা না কহেনা’ দীর্ঘ ২০ বছর পর আবারও পর্দায় ফিরছে। তবে এবার প্রেক্ষাগৃহে নয়, জনপ্রিয় এই সিনেমাটি ওয়েব সিরিজ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতা করণ জোহর নিজেই এই বড় খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, ২০০৬ সালের সেই আলোচিত সিনেমাটিকে এবার দীর্ঘ দৈর্ঘ্যের একটি সিরিজ হিসেবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, “আমরা ‘কাভি আলভিদা না কহেনা’-কে একটি সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি। বর্তমানে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই এটি কোনো একটি প্ল্যাটফর্মে দেখা যাবে।” তবে সিরিজের কাস্টিং বা মুক্তি নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।
২০০৬ সালে যখন সিনেমাটি মুক্তি পায়, তখন এর বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। দাম্পত্য জীবনের সংকট এবং বিবাহবহির্ভূত সম্পর্কের মতো সাহসী বিষয় তুলে ধরায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল করণ জোহরকে। যদিও সেই সময় তিনি সব সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন।
সিনেমাটিতে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, রানী মুখার্জি, প্রীতি জিনতা, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন এবং কিরণ খের। সে সময় বক্স অফিসেও বাজিমাত করেছিল ছবিটি। ভারতে ৪৫ কোটি এবং বিশ্বব্যাপী ১১০ কোটি রুপির বেশি আয় করে এটি বড় সাফল্য পায়।
এখন দেখার বিষয়, দুই দশক পর ওটিটির দর্শকদের জন্য ‘কাভি আলভিদা না কহেনা’ সিরিজে নতুন কী চমক নিয়ে আসেন করণ জোহর।

















