এমবাপেকে ছাড়াই বার্সার বিপক্ষে মাঠে নামবে রিয়াল

চোট কাটিয়ে পূর্ণোদ্যমে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে এবং তিনি ক্লাসিকোয় খেলতে প্রস্তুত। এমন খবর একদিন আগেও এসেছে স্প্যানিশ গণমাধ্যমে। তবে বাস্তবতা ভিন্ন। ফরাসি মহাতারকাকে ছাড়াই বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সবসময়ই বাড়তি উত্তেজনা ছড়ায়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন, লা লিগার শিরোপা লড়াইয়ের উত্তেজনা একরকম শেষই হয়ে গেছে।
চার রাউন্ড বাকি থাকতে রিয়ালের চেয়ে বার্সেলোনা এগিয়ে আছে ১১ পয়েন্টে। ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালানরা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
কাম্প ন্যুতে রোববারের ম্যাচটিতে হার এড়ালেই টানা দ্বিতীয় মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। এমনকি রিয়াল জিতলেও, তা শিরোপা লড়াইকে খুব একটা অনিশ্চিত করবে না। তাই হয়তো, এমবাপেকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায়নি তারা।
২৪ এপ্রিল লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এমবাপে। গত রোববার এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে, সুস্থ হয়ে শুক্রবার দলের সঙ্গে পুরো সেশনে ঘাম ঝরান ২৭ বছর বয়সী তারকা। যদিও শেষ পর্যন্ত স্কোয়াডের বাইরেই থাকছেন এবারের লিগে সর্বোচ্চ ২৪টি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪১টি গোল করা তারকা।
রিয়ালের জন্য একটি ভালো খবর অবশ্য আছে। চোট কাটিয়ে ফিরেছেন প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া। গত মার্চে পেশির চোটে ছিটকে পড়ার আগে চলতি মৌসুমে সব মিলিয়ে ৪১ ম্যাচ খেলে ১৫টিতে জাল অক্ষত রেখেছিলেন এই বেলজিয়ান।
গত বৃহস্পতিবার ড্রেসিং রুমে অহেলিয়া চুয়ামেনির সঙ্গে ‘মারামারিতে’ জড়িয়ে মাথায় আঘাত পেয়ে বিশ্রামে থাকা ফেদে ভালভার্দে দলে নেই। তবে আছেন চুয়ামেনি।

















