এবারের ঈদে চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

এবারের ঈদুল ফিতরে সারা দেশে চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে কমেছে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক প্রেক্ষাপটে কিছুটা উদ্বেগ থাকলেও সেই তুলনায় বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সরকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার প্রতিফলন এবারের ঈদ উদযাপনে দেখা যাচ্ছে। উৎসবের আমেজ বিঘ্নিত করার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন নিয়ে মো. আসাদুজ্জামান আরও বলেন, বর্তমান সরকার সকল প্রকার দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে সরকার কাজ করছে, তা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। একটি সমৃদ্ধ ও নিরাপদ সমাজ গঠনে অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

















