এফডিসিতে ৫০ জনের শোডাউন, চলচ্চিত্র দিবসে ওমর সানীর ক্ষোভ

জাতীয় চলচ্চিত্র দিবসে প্রাণের টানে এফডিসিতে গিয়ে চরম তিক্ত অভিজ্ঞতা ও অপমান নিয়ে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ওমর সানী। শুক্রবার (৩ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এফডিসির বর্তমান পরিবেশ, বহিরাগতদের দৌরাত্ম্য এবং সংরক্ষিত এলাকায় রাজনৈতিক স্টাইলে শোডাউন নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
ওমর সানী জানান, দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তিনি সকালে এফডিসিতে গিয়েছিলেন। সেখানে নিজের অভিনীত কালজয়ী সিনেমা ‘চাঁদের আলো’র ব্যানার দেখে প্রথমে আবেগাপ্লুত হলেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাঁর অভিযোগ, এমডির কক্ষে আলাপকালে হঠাৎ প্রযোজক ও নায়ক হেলাল খানের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন মানুষ সেখানে প্রবেশ করেন। একটি কেপিআই (KPI) ভুক্ত সংরক্ষিত স্থানে এমন গণজমায়েত ও শোডাউনকে তিনি ‘বিদঘুটে’ ও ‘বিব্রতকর’ বলে অভিহিত করেন। এই ঘটনায় অপমানিত বোধ করে তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উদাহরণ টেনে সানী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখন কোনো শোডাউন ছাড়াই সাধারণ মানুষের মতো চলছেন, যা পুরো দেশকে চমকে দিচ্ছে। অথচ চলচ্চিত্রের জায়গায় এখনো কেন দলীয় আবহে শোডাউন দেখা যাবে? এটা অত্যন্ত দৃষ্টিকটু।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নিজেই খেলোয়াড় ও শিল্পীদের পেশাদার থাকাকালীন দলীয় প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। চলচ্চিত্র দিবসে এমন বিশৃঙ্খলা দেখলে প্রধানমন্ত্রী নিজেও ‘মাইন্ড’ করবেন বলে সানী মন্তব্য করেন।
এফডিসির সামনের কাতারে প্রকৃত শিল্পীদের বদলে বহিরাগতদের ভিড় নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, অভিনেতা শিবা সানু বারবার অনুরোধ করা সত্ত্বেও বহিরাগতরা সামনের কাতার দখল করে রেখেছিল। প্রকৃত শিল্পীদের সম্মান দেওয়ার পরিবর্তে বহিরাগতরা সেখানে ছবি তোলা এবং জাহির করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। ওমর সানী আশা করেছিলেন সেখানে চলচ্চিত্রের কিংবদন্তি উজ্জ্বল ভাইসহ অনেক সিনিয়রকে পাবেন, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে তিনি চরম হতাশ হন।
সরেজমিনে দেখা গেছে, এবারের চলচ্চিত্র দিবস ছিল অনেকটাই তারকাশূন্য। রোজিনা, পলি, সনি ও জয় চৌধুরী ছাড়া তেমন কোনো পরিচিত মুখকে দেখা যায়নি। ভিডিওর শেষে আবেগজড়িত কণ্ঠে ওমর সানী অনুরোধ করেন, “বাইরে থেকে এসে আমাদের খাবলিয়ে বা চিমটি কাটা ঠিক না। আমরা চলচ্চিত্রের মানুষ, দিনশেষে আমরা চলচ্চিত্রকেই ভালোবাসি। দয়া করে এখানে আর শোডাউন করার চেষ্টা করবেন না।”
ওমর সানীর এই বিস্ফোরক মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষ ও চলচ্চিত্র কর্মীরা এফডিসির সুস্থ ও অরাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

















