একাত্তর সবার আগে, অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধ ও একাত্তরের ইতিহাসকে অন্য যেকোনো ঘটনার ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, “একাত্তর আগে, বাকি সব পরে। একাত্তরের ইতিহাসকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না।”
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের জন্য যার যা অবদান, তা সবসময়ই স্বীকার করে। সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা নেতৃত্বে ছিলেন, তাদের সবার অবদানের প্রতি বর্তমান সরকার শ্রদ্ধাশীল। তিনি বলেন, “আমরা কারো বিজয় ছিনিয়ে নিতে চাই না। তবে সবাইকে মিলে আগে একাত্তরের ইতিহাসকে যথাযথ সম্মান জানাতে হবে।”
বক্তব্যে স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ধরে জেনে আসছে যে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকেই স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়েছিল। তিনি উল্লেখ করেন, ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান ‘প্রভিশনাল হেড অব দ্য স্টেট’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ইতিহাসের স্বকীয়তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, রাজনৈতিক বা সামাজিক পটপরিবর্তন যাই হোক না কেন, একাত্তরের মুক্তিযুদ্ধের যে অনন্য মহিমা, তা অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনীয় নয়।
আলোচনা সভায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















