ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বক্তব্যকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে হাবিব অনুসারীরা মিছিল বের করলে প্রতিপক্ষ পিন্টু সমর্থকরা তাতে হামলা চালায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং কার্যালয়ের সামনে থাকা অন্তত ২১টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার আগে বেলা ১১টায় বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জাকারিয়া পিন্টুর বাহিনী ঈদের দিন থেকে নেতাকর্মীদের বাড়িতে হামলা, গুলিবর্ষণ ও এক বাকপ্রতিবন্ধী নারীকে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে, ঈশ্বরদী প্রেস ক্লাবে আয়োজিত অন্য এক সংবাদ সম্মেলনে পিন্টুর ভাই মেহেদী হাসান পাল্টা অভিযোগ করেন যে, তাদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে। এই উত্তেজনার জেরে দুপুরে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

















