ঈদ বোনাস দেওয়ার কথা বলে যুবকের গলা কেটে হত্যা!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা (২৪) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঈদের দিন শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল সরাতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ৪-৫ জন যুবক ঈদ বোনাস দেওয়ার কথা বলে সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
পরদিন ঈদের সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মুরুটিয়া-চিনাধুকুরিয়া গ্রামের মাঝামাঝি হাসান সড়কের পাশের একটি ধানক্ষেতে সোহেলের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মা রুবি খাতুন ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।
নিহতের মা রুবি খাতুন অভিযোগ করে বলেন, “বারবার ফোন আসার পর ঈদ বোনাসের কথা বলে যারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল, তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।” এদিকে ঘটনার পর কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই আসাদুজ্জামান দাবি করেছেন, তার ভাই এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং শত্রুতা করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

















