ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র মাহে রমজান বিদায় নিয়ে সমাগত হয়েছে আনন্দময় ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীকে রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদের খুশি সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত এক বিশেষ ভিডিও বার্তায় তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা ও অনাবিল আনন্দের বার্তা নিয়ে এসেছে। তিনি রমজানের সংযম ও ত্যাগের শিক্ষা ধারণ করে একে অপরের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন যে, ঈদের এই অনাবিল আনন্দ দেশের প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে এবং প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে যাবে।
বক্তব্যের শেষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল প্রান্তের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদের এই পবিত্র ক্ষণে বিভেদ ভুলে সাম্য ও সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয়ও ফুটে ওঠে তার এই শুভেচ্ছা বার্তায়।

















