ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা

বৈষম্যবিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বৃহস্পতিবার ফিফার শৃঙ্খলা কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এই শাস্তির কথা জানানো হয়। মূলত বর্ণবাদী আচরণের জন্য কুখ্যাত ক্লাব ‘বেইতার জেরুজালেম’-এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় আইএফএকে এই বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়েছে।
ফিফার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেইতার জেরুজালেমের সমর্থকদের ধারাবাহিক বর্ণবাদী আচরণ ফুটবলের নৈতিকতা ও শৃঙ্খলার পরিপন্থী। ক্লাবটির ‘Forever Pure’ স্লোগান এবং আরব খেলোয়াড়দের লক্ষ্য করে ‘সন্ত্রাসী’ বলে গালি দেওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যা।
ফিফার ভাষ্য অনুযায়ী, আইএফএ এসব ঘটনায় যথেষ্ট কঠোর ও কার্যকর শাস্তিমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যা সংস্থাটির নিজস্ব নীতিমালার সাথে সাংঘর্ষিক। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ-র বিরুদ্ধে বৈষম্যের আনুষ্ঠানিক অভিযোগ আনলে এই তদন্ত শুরু হয়।
জরিমানার পাশাপাশি আইএফএকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ফিফা। সংস্থাটি নির্দেশ দিয়েছে যে, পরবর্তী তিনটি ফিফা প্রতিযোগিতার হোম ম্যাচে “Football Unites the World – No to Discrimination” সংবলিত বড় ব্যানার প্রদর্শন করতে হবে। এছাড়া জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ বৈষম্য প্রতিরোধে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনের পক্ষ থেকে আইএফএকে নিষিদ্ধ করার দাবি জানানো হলেও ফিফা সেই পথে হাঁটেনি।
অন্যদিকে, পশ্চিম তীর অঞ্চলে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর লিগে অংশগ্রহণ নিয়ে ওঠা আলাদা একটি অভিযোগের বিষয়ে তদন্ত শেষে কোনো ব্যবস্থা নেয়নি সংস্থাটি।

















