ইরান যুদ্ধে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ‘টেনে নামিয়েছেন’

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দাবি করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধে ‘টেনে নামিয়েছেন’। বিবিসি জানিয়েছে, গত শনিবার একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।
কমলা হ্যারিস উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়েছেন যা আমেরিকার সাধারণ জনগণ চায় না। আমাদের বিষয়টি স্পষ্ট হওয়া উচিত যে, বেনিয়ামিন নেতানিয়াহুই তাকে এই যুদ্ধে টেনে নামিয়েছেন।’
তিনি আরও বলেন, এই সংঘাতের ফলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
কমলা হ্যারিসের এই কড়া সমালোচনার বিপরীতে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত সরাসরি কোনো জবাব দেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘পরম মিত্র’হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা সাহসী, নির্ভীক ও অনুগত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তারা জানে কীভাবে জিততে হয়।’
এর ঠিক একদিন আগেই ট্রাম্প লেবাননে বোমাবর্ষণ বন্ধ করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির অংশ হিসেবেই কমলা হ্যারিস বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ট্রাম্পের বৈদেশিক নীতির সমালোচনা শুরু করেছেন।

















