ইরানে সরকার পতনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললেন ট্রাম্প

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান চললেও দেশটির ‘রেজিম চেঞ্জ’ বা বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের প্রাথমিক লক্ষ্য থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২০ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি জানান, শাসনব্যবস্থার পরিবর্তন এখন আর যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ভয়াবহ অভিযানের পর ইরানের শীর্ষ নেতৃত্ব ও অসংখ্য কর্মকর্তার প্রাণহানির প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
এমএস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলের সঙ্গে এই যৌথ হামলার পর ইরানের পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত ১০ বছর সময় লাগবে। তিনি দাবি করেন, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা।
বর্তমানে সেখানে ‘পারমাণবিক ধূলিকণা’ বা সমৃদ্ধ ইউরেনিয়ামের অবশিষ্টাংশ রয়ে গেলেও মূল কর্মসূচিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প আরও যোগ করেন যে, ইরান সরকার কারা নিয়ন্ত্রণ করবে সে বিষয়ে ওয়াশিংটন প্রভাব ফেলতে পারলেও সেটি এখন তাদের কাছে গৌণ বিষয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ সংঘাত ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর ইরানি নাগরিকদের ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু। তবে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এই নেতারা তাদের উচ্চাভিলাষী পরিকল্পনা থেকে পিছিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া হরমুজ প্রণালির অবরোধ সরাতে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর সহায়তা না পাওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র সেখানে দীর্ঘ সময় অবস্থান করলে ইরান কখনোই আর পুনর্গঠিত হতে পারবে না।

















