ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ২০ হাজার কোটি ডলার চাইলো পেন্টাগন

ইরান যুদ্ধের ব্যয় মেটাতে মার্কিন কংগ্রেসের কাছে ২০ হাজার কোটি (২০০ বিলিয়ন) ডলারের বিশাল এক তহবিল চেয়েছে প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চাহিদাকে ‘অনেকগুলো প্রয়োজনীয় বিষয়ের’ অংশ হিসেবে বর্ণনা করলেও যুদ্ধের আকাশচুম্বী খরচ নিয়ে খোদ রিপাবলিকান শিবিরেই চরম অসন্তোষ তৈরি হয়েছে।
উল্লেখ্য, যুদ্ধের মাত্র প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলার। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন যে এই অঙ্ক আরও বাড়তে পারে, কারণ তার ভাষায়— ‘খারাপ লোকদের মারতে অর্থ লাগে’।
তবে এই বিশাল অঙ্কের বাজেট পাস করা ট্রাম্পের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ তার দলের অনেক আইনপ্রণেতা সরাসরি এর বিরোধিতা করছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লরেন বোবার্ট সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি কোনো যুদ্ধ সাপ্লিমেন্টালে অর্থ দিতে রাজি নন। কলোরাডোর ভোটারদের জীবনযাত্রার সংকটের কথা উল্লেখ করে তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ওপর জোর দিয়েছেন। টেক্সাসের প্রতিনিধি চিপ রয় এবং কেন্টাকির থমাস মাসি যুদ্ধের দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং সম্ভাব্য ট্রিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন।
অর্থনৈতিক চাপের পাশাপাশি স্থলসেনা মোতায়েনের বিষয়টি রিপাবলিকানদের মধ্যে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। সাবেক নেভি সিল ডেরিক ভ্যান অর্ডেন প্রশাসনকে স্থলসেনা না পাঠাতে পরামর্শ দিয়েছেন, আর টিম বার্চেট দ্রুত যুদ্ধ থেকে বেরিয়ে আসার কৌশল খোঁজার তাগিদ দিয়েছেন। আলাস্কার সিনেটর লিসা মুরকাউস্কিও যুদ্ধের স্থায়িত্ব ও ব্যয় নিয়ে ভোটারদের প্রশ্নের মুখে পড়ার কথা জানিয়েছেন।
হাউস স্পিকার মাইক জনসন মিশনটি ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে আশা প্রকাশ করলেও, হরমুজ প্রণালী বন্ধ থাকাকে বড় বাধা হিসেবে স্বীকার করেছেন। এদিকে সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন জানিয়েছেন, এই প্রস্তাব পাস হবে কি না তা এখনও অনিশ্চিত, কারণ এর জন্য ডেমোক্র্যাটদের সমর্থনও প্রয়োজন হবে।
মধ্যবর্তী নির্বাচনে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে পারে— এমন আশঙ্কায় এখন বিভক্ত হয়ে পড়েছে রিপাবলিকানরা। কুয়েতে নিহত ছয় সেনার মরদেহ গ্রহণের আবেগঘন পরিবেশে রিপাবলিকান প্রতিনিধি মাইক ফ্লাড সাধারণ মানুষের চাওয়াকে প্রতিধ্বনিত করে বলেছেন, ‘সবাই এখন এই যুদ্ধের সমাপ্তি চায়।’

















