ইরানে আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ এখনো শেষ হয়নি। মার্কিন গোয়েন্দা ও সামরিক বাহিনীর তালিকা অনুযায়ী, ইরানে এখনো ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু চিহ্নিত রয়েছে যেখানে আঘাত হানা বাকি আছে। সিএনএন-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অভিযানের কৌশল নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেন, লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের কোনো স্থলসেনা পাঠানোর প্রয়োজন হবে না। আকাশপথ ও দূরপাল্লার প্রযুক্তির মাধ্যমেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। রুবিও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সংঘাত খুব বেশি দীর্ঘায়িত হবে না এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।
যুদ্ধের দামামার মধ্যেই কূটনীতির পথ খোলা রাখতে চাইছে ওয়াশিংটন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহেই ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার ব্যাপারে আশাবাদী। তিনি জানান, ইরানকে ইতিমধ্যে একটি ১৫-দফা চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র বর্তমানে সেই প্রস্তাবের আনুষ্ঠানিক উত্তরের জন্য ‘প্রত্যাশা’ নিয়ে অপেক্ষা করছে।
গত কয়েক ঘণ্টায় তেহরানসহ ইরানের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, চলতি মাসে তৃতীয়বারের মতো বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে।
ইসরায়েল দাবি করেছে, তারা মধ্য ইরানের আরাক হেভি ওয়াটার প্ল্যান্টে সফলভাবে লক্ষ্যভেদ করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন-ইসরায়েলি জোট সামরিক স্থাপনার বদলে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ধৃষ্টতার জন্য তাদের কঠোর মূল্য দিতে হবে।”
ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে। বেশ কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

















