ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পুতিনের অভিনন্দন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোজতবা খামেনিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী যে মোজতবা খামেনি তাঁর বাবার (আয়াতুল্লাহ আলী খামেনি) রেখে যাওয়া আদর্শ ও কাজগুলো অত্যন্ত ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন। বিশেষ করে বর্তমানের ‘কঠিন পরিস্থিতির মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে পুতিন আশা প্রকাশ করেন।
বিবৃতিতে পুতিন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, তেহরানের প্রতি রাশিয়ার সমর্থন যে অটুট থাকবে, পুতিন তা পুনরায় নিশ্চিত করেছেন। ‘ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার ইঙ্গিত দিয়েছেন।
দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতিতে পর্দার আড়ালে প্রভাব বিস্তার করে আসছিলেন মোজতবা খামেনি। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবং রাশিয়ার সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কে কী ধরনের পরিবর্তন আনে, এখন সেটিই দেখার বিষয়।
তথ্যসূত্র: আল জাজিরা

















