ইরানের গুলিতে খতম হলো মার্কিন হারকিউলিস বিমান

গত ৩ এপ্রিল নিখোঁজ হওয়া মার্কিন এফ-১৫ জেটের পাইলটকে উদ্ধার করতে গিয়ে ইরানের আকাশসীমায় আরও একটি বড় বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানে মার্কিন বিমান বাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস বিমানকে গুলি করে খতম করেছে ইরান।
আজ রোববার (৫ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ‘ফারাজ রেঞ্জার্স’ নামক একটি বিশেষ পুলিশ কমান্ডো ইউনিট এই বিমানটিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করে।
আইআরজিসির দাবি, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজে বের করার অভিযানে নিয়োজিত ছিল এবং এটি ইরানের ‘পবিত্র ভূমিতে’ অবৈধভাবে অনুপ্রবেশ করে হামলাকারীদের রসদ সরবরাহ করছিল।
উল্লেখ্য, লকহিড সি-১৩০ হারকিউলিস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যন্ত শক্তিশালী ও বিশ্ববিখ্যাত সামরিক পরিবহন বিমান। চার ইঞ্জিনের এই টার্বোপ্রপ বিমানটি মূলত যুদ্ধক্ষেত্রে সৈন্য ও মালামাল পরিবহন এবং উদ্ধার অভিযানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
আল জাজিরার সূত্র মতে, ১৯৫৪ সালে প্রথম উড্ডয়নের পর থেকে দীর্ঘ সময় ধরে এটি মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে, যা আজ ইরানের অভিযানে ধ্বংসের মুখে পড়ল।

















