‘আয়না ঘরের রূপকার’ ও সাবেক ডিজিএফআই প্রধান গ্রেফতার

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
সাবেক এই প্রভাবশালী সেনা কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির গুরুতর সব অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ডিজিএফআই-কে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, কথিত ‘জঙ্গি নাটক’ সাজানো এবং বিতর্কিত ‘আয়না ঘর’ বা গোপন বন্দিশালার রূপকার হিসেবে ভূমিকা পালন করা। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য যে, অবৈধভাবে শেয়ার ব্যবসা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের মে মাসে আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছিল, যেখানে উল্লেখ করা হয় যে অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন।

















