‘আমি বেঁচে আছি এবং সুস্থ আছি’: ডা. তাসনিম জারা

সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে হঠাৎ ডা. তাসনিম জারার প্রোফাইলটি ‘মৃত’ হিসেবে চিহ্নিত হওয়ার পর দেশজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “আমি বেঁচে আছি এবং সুস্থ আছি।”
সকালে তার অ্যাকাউন্টটি ‘মেমোরাইলাইজড’ হিসেবে দেখানোর পর ইন্টারনেটে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনার প্রেক্ষিতে তিনি এই ব্যাখ্যা দেন।
ডা. তাসনিম জারা তার পোস্টে আরও উল্লেখ করেন, “আপনারা অনেকেই লক্ষ করেছেন যে আজ সকালে আমার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরাইলাইজড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সম্ভবত আমার অ্যাকাউন্টে করা কোনো ভুল বা বিদ্বেষমূলক রিপোর্টের কারণে এমনটি ঘটেছে।”
তিনি পাঠকদের আশ্বস্ত করে জানান যে, এই প্রযুক্তিগত সমস্যাটি সমাধানের জন্য তিনি ইতিমধ্যে লিংকডইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুতই প্রোফাইলটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করছেন।
উল্লেখ্য, ডা. তাসনিম জারা স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে বাংলাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, যা তার এই বার্তার মাধ্যমে প্রশমিত হয়েছে।

















