‘আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। এটি এমন একটি রাজনৈতিক শক্তি যারা সর্বদা মানুষের কল্যাণে কাজ করতে চায়। তিনি বলেন, “আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের প্রকৃত উপকার হয়। সেই লক্ষ্যেই আমরা আবারও খাল খনন কর্মসূচি শুরু করেছি, যা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে।”
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সরকারপ্রধান গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে। দেশের বেশির ভাগ মানুষ গ্রামে বাস করেন এবং সরাসরি কৃষির সঙ্গে জড়িত—এই বাস্তবতাকে সামনে রেখে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর এই বিশ্বাস থেকেই আমাদের সরকার মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা গ্রহণ করেছে।”
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী কাহারোল উপজেলা থেকে দেশের মোট ৫৩টি খালের খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির সূচনা করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। সকালে তিনি রাজধানী ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কর্মসূচিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

















