‘আমরা যুদ্ধ শুরু করিনি, তবে শেষ করবো’: ইরান

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি জানিয়েছেন, তার দেশ সংঘাত শুরু করেনি, তবে এটি শেষ করার সক্ষমতা ও দায়িত্ব ইরানের রয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
লাইভ সম্প্রচারে ফাতেমা মোহাজেরানি স্পষ্টভাবে বলেন, “আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরা যুদ্ধ শেষ করার দায়িত্ব নেব।”
এই সংকট নিরসনের উপায় হিসেবে তিনি আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। তবে আলোচনার শর্ত হিসেবে তিনি জানান, সংঘাত বন্ধ হওয়া জরুরি। তার ভাষ্যমতে, “বিদ্বেষ থেমে গেলেই কেবলমাত্র আলোচনার পথ খোলা যাবে। যদি যুদ্ধ সম্পূর্ণভাবে থামে, তখনই আমরা আলোচনা করতে পারব।”
বর্তমান পরিস্থিতিতে দ্রুত শত্রুতা অবসানের আশা প্রকাশ করলেও, ইরান যে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, তা পুনরায় স্মরণ করিয়ে দেন দেশটির মুখপাত্র।

















