আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যাকে কুপিয়ে জখম

যশোরের অভয়নগর উপজেলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুর রউফ মোল্যা (৬০) দুর্বৃত্তদের পিটুনিতে গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় জেলা পরিষদ মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রউফ মোল্যা মার্কেটের একটি দোকানে বসে থাকা অবস্থায় ৫-৭ জনের একটি সশস্ত্র দল তার ওপর অতর্কিত হামলা চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌমিক সেন জানান, আহত আব্দুর রউফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নেতার দাবি, তিনি যশোরে যাওয়ার উদ্দেশ্যে ওই দোকানে অপেক্ষা করছিলেন, তখনই একদল যুবক তাকে ধরে নিয়ে মারপিট করে।
এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















