অভিষেক ম্যাচেই বল হাতে জাদু দেখালেন ‘কাটার মাস্টার’

পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) আঙিনায় পা রেখেই নিজের জাত চেনালেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। রাজনৈতিক মারপ্যাঁচে আইপিএলের মঞ্চ থেকে ছিটকে গেলেও, বিশ্ব ক্রিকেটে তার চাহিদা যে বিন্দুমাত্র কমেনি—লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচেই তার প্রমাণ দিলেন এই বাঁহাতি পেসার। বল হাতে তার মিতব্যয়ী স্পেল আর দুর্দান্ত বৈচিত্র্যে কুপোকাত হায়দরাবাদ কিংস।
বৃহস্পতিবার (২৬ মার্চ) পিএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ফখর জামান, সিকান্দার রাজা ও হাসিবুল্লাহ খানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৯৯ রানের বিশাল পুঁজি গড়ে লাহোর।
জবাবে ২০০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মোস্তাফিজের বোলিং তোপে পড়ে হায়দরাবাদ। যেখানে অন্য বোলাররা রান দিয়েছেন হাত খুলে, সেখানে মোস্তাফিজ ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। ৪ ওভার বল করে মাত্র ১৯ রান খরচায় তুলে নেন ১টি উইকেট। তার এই নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করেই ৬৯ রানের বিশাল জয় পায় লাহোর।
মোস্তাফিজকে দলে পেয়ে উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা এবং মোস্তাফিজ একই সাথে দলে যোগ দিয়েছি। তাকে আমাদের বোলিং আক্রমণে পাওয়া সত্যিই আনন্দের। আমরা ঠিক এমন একটা শুরুই চেয়েছিলাম।”
অন্যদিকে, পাকিস্তানি গতিতারকা হারিস রউফ মোস্তাফিজের অভিজ্ঞতায় মুগ্ধ। সংবাদ সম্মেলনে তিনি জানান, মোস্তাফিজের কাছ থেকে নতুন কিছু শেখার চেষ্টা করছেন তিনি।
তিনি বলেন, “মোস্তাফিজ সারা বিশ্বের লিগ খেলে বেড়ায়। সে আমাদের বোলিং ইউনিটের অংশ হওয়াটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আমি ওর অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি।”
প্রথম ম্যাচেই আস্থার প্রতিদান দিয়ে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন ফিজ। লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ আগামী রোববার (২৯ মার্চ), যেখানে তাদের প্রতিপক্ষ করাচি কিংস। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের নজর থাকবে মোস্তাফিজের পরবর্তী এই লড়াইয়ের দিকে।

















