অবশেষে সেন্সর ছাড়পত্র পেল অক্ষয়ের ‘ভূত বাংলা’

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসার আগে ভারতীয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর একাধিক আপত্তির মুখে পড়তে হয়েছে নির্মাতাদের। বড় ধরনের সব কাটছাঁট ও সংশোধনের পর অবশেষে ছবিটিকে ‘ইউ/এ’ (U/A) সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড।
সেন্সর বোর্ডের পরীক্ষক কমিটির নির্দেশে ছবির বেশ কিছু অশালীন ও আপত্তিকর শব্দ পরিবর্তন করতে হয়েছে। বিশেষ করে ছবির ২৬ মিনিট ও ১ ঘণ্টার মাথায় থাকা অশালীন শব্দগুলো সংশোধন করা হয়। শুধু সংলাপে নয়, সাবটাইটেল থেকেও বাদ দিতে হয়েছে বিতর্কিত শব্দ। এছাড়া ছবির প্রথমার্ধে নারীদের নিয়ে করা একটি অসম্মানজনক সংলাপ পরিবর্তনের নির্দেশ দেয় বোর্ড। ধর্মীয় অনুভূতি ও কুসংস্কারমূলক দৃশ্যের ক্ষেত্রে উপযুক্ত ডিসক্লেমার যুক্ত করার শর্তও দেওয়া হয়েছে।
ছবিটির দৈর্ঘ্যেও বড় ধরনের রদবদল এসেছে। প্রথমে ১৭০ মিনিটের এই ছবিটি সংশোধনের পর দেখা গেছে, মোট ৬৩টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। ফলে বর্তমানে ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড।
প্রথমে ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। ১৬ এপ্রিল ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। মুক্তির তারিখ পেছানো নিয়ে বাজারে গুঞ্জন ছিল যে, বক্স অফিসে বর্তমানে সফলভাবে চলতে থাকা ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’-এর সাথে সরাসরি সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে ছবির সহ-প্রযোজক একতা কাপুর বলেন, “বক্স অফিসে ‘ধুরন্ধর’ এখনো ভালো চলছে, যা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আনন্দের সংবাদ। তাই আমাদের ছবিটি কিছুটা পিছিয়ে দেওয়াতে শেষ পর্যন্ত দুটি ছবির জন্যই ভালো হবে।”
উল্লেখ্য, ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি আরও অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় জুটি পরেশ রাওয়াল ও রাজপাল যাদব। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টাবু এবং ওয়ামিকা গাব্বি।

















