অনলাইন জুয়া ও আর্থিক চাপে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ভাড়া বাসা থেকে শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে এক মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ায় আসক্তি এবং মাদ্রাসার তহবিলের টাকা হারিয়ে আর্থিক চাপের মুখে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলুরঘাট রোড সংলগ্ন নিশান প্লাজার ৫০৩ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিব্বির স্থানীয় তামিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কদুপাড়া গ্রামের ছালেহ আহম্মদের ছেলে।
নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, তার স্বামী অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং সম্প্রতি মাদ্রাসার তহবিলের প্রায় ৭০ হাজার টাকা জুয়া খেলে হারিয়ে ফেলেন। এই টাকা আদায়ের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বারবার চাপ দিয়ে আসছিল।
শিরিন আক্তার অভিযোগ করে বলেন, “ঘটনার আগের রাতে আমাদের দুজনকে একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় এবং আমাদের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। সকালে মাদ্রাসার এক কর্মচারীর ডাকে আমার ঘুম ভাঙলে দেখি আমার স্বামী ফ্যানের সঙ্গে ঝুলছে।” তার চিৎকারে অন্য শিক্ষকরা এগিয়ে আসেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা মহিউদ্দীন জানান, শিব্বির প্রায় এক বছর আগে এখানে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং মাদ্রাসার অর্থ আত্মসাতের দায়ে তাকে টাকা ফেরতের জন্য তাগাদা দেওয়া হচ্ছিল। তবে তাকে আটকে রাখার বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

















